এক শ বছর আগে কবি নজরুল এসেছিলেন সিলেটে, সেই স্মরণে দিনব্যাপী আয়োজন

Date: 2026-05-25
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট পরিভ্রমণের শতবর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজনের সূচনা হয়, যা রাত পর্যন্ত চলে।

‘সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মরণোৎসব’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে সুধীরেন্দ্র নারায়ণ সিংহ মজুমদারের উত্তরসূরিদের সংগঠন উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্য ও সিলেটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা, সংগীত ও আবৃত্তি পরিবেশনা করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯২৬ সালে অসুস্থ অবস্থায় বসন্ত রোগে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম সিলেট সফর করেন এবং সিংহবাড়িতে অবস্থান করেন। পরবর্তীতে ১৯২৮ সালেও তিনি আবার সিলেটে আসেন বলে জানা যায়। ওই সময় সিংহবাড়ির সদস্যদের সেবা ও আতিথেয়তায় তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন।

অনুষ্ঠানে সিংহ পরিবারের সন্তান জ্যোতির্ময় সিংহ মজুমদার বলেন, নজরুলের সিলেট আগমন এই অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। তিনি আরও জানান, কবির স্মৃতিবিজড়িত এই স্থানকে ঘিরে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। পাশাপাশি দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশনার মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসকসহ স্থানীয় ও আন্তর্জাতিক অতিথিরাও বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে ‘সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মারক’ শীর্ষক একটি সংকলন প্রকাশ করা হয়, যেখানে নজরুলের সিলেট-সংযোগ ও তাঁর জীবন ও সাহিত্য নিয়ে বিভিন্ন প্রবন্ধ স্থান পায়।

Leave Your Comments