আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে আন্তজেলা গরু চোর চক্রের মূলহোতা ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ মামুন হাওলাদার (৩৩)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ ২৫ মে (সোমবার) বিকেল সাড়ে ৫টার সময় পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা ঘেরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস অভিযানিক দল লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা ঘেরের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে দীর্ঘদিনের পলাতক ও গরু চোর চক্রের সক্রিয় সদস্য মামুন হাওলাদারকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত মামুন হাওলাদার পটুয়াখালী জেলা ও পার্শ্ববর্তী জেলাসমূহে সংঘটিত বড় বড় গরু চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত।
গত ২৯ জানুয়ারি পটুয়াখালী থানায় একটি চুরি ও চোরাই মাল রাখার অপরাধে মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং-৫৬, ধারা-৩৮০/৪৫৭/৪১১/৪১৩ পেনাল কোড)।
এর আগে, গত ২৮ জানুয়ারি ডিবি পুলিশের একটি দল মামুন হাওলাদারের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে তার হেফাজত থেকে চুরিকৃত ৭টি গরু উদ্ধার ও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন কৌশলে পালিয়ে যান। ওই ঘটনার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেফতারকৃত মামুন হাওলাদার একটি সংঘবদ্ধ আন্তজেলা গরু চোর চক্রের মূল নিয়ন্ত্রণকারী। সে এবং তার চক্রের সদস্যরা পটুয়াখালীসহ আশেপাশের বিভিন্ন জেলায় গভীর রাতে গোয়ালঘরের তালা কেটে বা সিঁধ কেটে গরু চুরি করে আসছিল।
মামুনকে পটুয়াখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।