তিব্বতে ফের বাঁধ ভেঙে বন্যার শঙ্কা, উদ্ধার অভিযান স্থগিত

তিব্বতের নেপাল-চীন সীমান্তসংলগ্ন এলাকায় একটি কৃত্রিম হ্রদের প্রাকৃতিক বাঁধ ফের ভেঙে গেছে। এতে পাহাড়ি নদীগুলোতে দ্রুতগতিতে পানি নেমে আসার আশঙ্কায় উদ্ধার ও ত্রাণকাজ সাময়িকভাবে স্থগিত করেছে নেপাল ও চীন।

নেপাল পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তিব্বত অংশে জমে থাকা পানির একটি প্রাকৃতিক বাঁধ আবারও ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় উদ্ধারকর্মী, নিরাপত্তাকর্মী এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।


চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পৌঁছে যাওয়া জরুরি উদ্ধারকারী দলগুলোকে এক কিলোমিটার পেছনে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিজ নিজ অবস্থানে অপেক্ষা করতে বলা হয়েছে।


এর আগে হিমালয় অঞ্চলে ভয়াবহ হিমবাহ ধসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটে। বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬৯ জনে পৌঁছায়। এখনো এক হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। কাদামাটির নিচে চাপা পড়েছে বহু গ্রাম।

নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় ওই অঞ্চলে আবারও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।