দেবহাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মৎস্য ব্যবসায়ীর মৃত্যু।

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা), প্রতিনিধি: 

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।
নিহত আব্দুল আলিম উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে দেবহাটা উপজেলার দেবীশহর এলাকায় কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬।
সংঘর্ষে আব্দুল আলিম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ব্লীচ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসচালক পালিয়ে যায়। নিহতের মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।