মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্যাক্টে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ পরিস্থিতি যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ। তিনি বলেন, এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি।


মঙ্গলবার আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, মক্কা প্যাক্টে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জোটে যোগ দেওয়ার বিষয়ে জাতীয় স্বার্থ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের ইতিবাচকভাবে দেখছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।

এদিকে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গোরের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ওই মন্তব্য আগের কোনো চুক্তিকে কেন্দ্র করে হয়ে থাকতে পারে।