দশ মিনিট বন্ধ থাকবে আর্জেন্টিনার খেলা, চলবে করতালি

মেসির বিদায়ে বিশেষ শ্রদ্ধা এএফএর

বুয়েনস আয়ার্স: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর তাকে বিশেষ ও আবেগঘন শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশটির ঘরোয়া ফুটবলের সব বিভাগ ও ডিসিপ্লিনের ম্যাচে মেসিকে সম্মান জানানো হবে।

এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহের শেষে অনুষ্ঠিতব্য পুরুষ ও নারী বিভাগের সব ম্যাচে প্রথমার্ধের দশম মিনিটে এক মিনিটের জন্য খেলা বন্ধ থাকবে। ওই এক মিনিটজুড়ে দর্শকরা করতালির মাধ্যমে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকাকে শ্রদ্ধা জানাবেন।

যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বিশেষ ট্রিবিউট ভিডিও প্রদর্শনও করা হবে।

স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হারের ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। এর পর গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা একটি বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি।

২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে দেশটির ফুটবলে অসাধারণ অবদান রেখেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ১২৫ গোল করে তিনি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

রেকর্ড ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া মেসির দখলে রয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলা এবং ২৩টি ম্যাচ জয়ের রেকর্ড। ২০১৪ সালের ফাইনালে শিরোপা জিততে না পারার আক্ষেপ কাটিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেন তিনি। এর মধ্য দিয়ে ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার অপেক্ষারও অবসান ঘটে।

বিদায়ী বার্তায় মেসি লিখেছেন, ‘আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি। দেওয়ার মতো আর কিছু বাকি নেই। এটি এমন এক সিদ্ধান্ত, যা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে। এখনো ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। তবুও আমি বুঝতে পেরেছি, বিদায় নেওয়ার সঠিক সময় এটিই।’