প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৯:১০ পিএম
অভয়নগরে বেপরোয়া গড়াই কেড়ে নিল দুটি তাজা প্রাণ
আমিনুর রহমানঃ
যশোরের অভয়নগরে বেপরোয়া গড়াই কেড়ে নিল দুটি তাজা প্রাণ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ওই গড়াই বাসের ধাক্কায় আমজেদ গাজী (৫৪) ও আছিরন বিবি (৬৫) নামের দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়।
নিহত আমজেদ উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে ও নিহত আছিরন বিবি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী। আছিরন বিবি সম্পর্কে আমজেদ গাজীর ফুফু ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোরগামী যাত্রীবাহী গড়াই পরিবহন বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুজন আরোহী গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলটি বাসের সামনে ইঞ্জিনের পাশে আটকে গেলে চালক ও সহকারীরা বাস ফেলে রেখে পালিয়ে যান। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আহত মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, মাথায় গুরুতর আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে।
’নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুজন (পুরুষ ও নারী) আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গড়াই পরিবহনের বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক ও সহকারীদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।