প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হলেন কলমাকান্দার সাদেকা তামান্না নিপা

আশিকুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার :

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চাঁনপুর এলাকার কৃতী সন্তান সাদেকা তামান্না নিপা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

সাদেকা তামান্না নিপা কলমাকান্দা সরকারি কলেজের শিক্ষক মো. আব্দুল হাই এবং মুন্সিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মিসেস পারুল বেগমের কন্যা।
জানা গেছে, ২০২৩ সালের ৫ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন সাদেকা তামান্না নিপা। কর্মজীবনে অধ্যবসায়, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তিনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি অর্জন করেন।

নিজের এই অর্জন সম্পর্কে অনুভূতি প্রকাশ করে সাদেকা তামান্না নিপা বলেন, “জীবনে একজন ভালো মানুষ এবং একজন ভালো শিক্ষক হতে চাই। মানুষের জন্য কাজ করতে চাই এবং নিজের অবস্থানকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখান থেকে সমাজের জন্য আরও বেশি কিছু করার সুযোগ পাব। বিশেষ করে গবেষণায় আরও মনোযোগী হতে চাই। মানুষের জীবন, সমাজের সমস্যা ও পরিবর্তন নিয়ে মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান তৈরি করার পাশাপাশি মানুষের কল্যাণে অবদান রাখতে চাই। আমার কাছে সাফল্যের সবচেয়ে বড় অর্থ হলো—নিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কিছু করতে পারা।”

তার এই অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। কলমাকান্দার এই কৃতী সন্তানের সাফল্যে স্থানীয়রা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।