নারায়ণগঞ্জে ডা. শফিকুর রহমান: জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি

গণভোটের গণরায় বাস্তবায়ন ও ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড মাঠে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা ও দাবি এখনও পুরোপুরি পূরণ হয়নি। জনগণের গ্যাস, বিদ্যুৎ ও সুশাসনসহ সব ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য রাজপথের আন্দোলন অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।


তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন, এবি পার্টির নেতা শাহাদাৎ উল্লাহ টুটুল এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমীন।

              

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমাদ, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মমিনুল হক সরকার, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, মহানগরী নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মো. জাকির হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আব্দুল মোমিন।


এ ছাড়া এনসিপি মহানগর আহ্বায়ক শওকত আলী ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুর রশিদ ও সেক্রেটারি আল আমীন রাকিব, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আব্দুর রহমান ও সেক্রেটারি মো. মনির হোসেন এবং এবিপির জেলা আহ্বায়ক শাহজাহান বেপারীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শিমরাইলে সংক্ষিপ্ত পথসভা শেষে শত শত বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির বহর নিয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে বহরটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে নির্ধারিত সমাপনী মহাসমাবেশের দিকে এগিয়ে যায়।


আয়োজকদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় লংমার্চের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাসের সংকট ও অতিরিক্ত বিলের সমস্যা নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধ করা।