প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১২:৩৮ পিএম
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃ*ত্যু
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ঝালমুড়ি বিক্রেতা মোঃ ইউনুস হোসেন (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সাতক্ষীরা কামালনগর গোরস্থান সংলগ্ন নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবন-জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ভোরে উঠে ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস হোসেন। ঘরের পাশে থাকা তার ঝালমুড়ি বিক্রির ভ্যানগাড়িটি গোছানোর সময় অসাবধানতাবশত ঘরের টিনের চাল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। টিনের চালে আগে থেকেই বিদুতের তার সংযুক্ত হয়ে পুরো ভ্যানগাড়িটি বিদ্যুতায়িত হয়ে ছিল। তিনি ভ্যানগাড়িটি স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত ইউনুস হোসেন দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত ও কর্মকর্তা ওসি মাহমুদ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।