যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা, কিয়েভে যাচ্ছেন মার্কিন দূতেরা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনার পর ইউক্রেনের সঙ্গেও ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

রোববার (৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘পরবর্তী পদক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা’ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৈঠক শেষে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে রওনা হন।


তবে আলোচনায় কী ধরনের পরিকল্পনা করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে গতি পাওয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আসতে পারে।


ট্রাম্পের এই দুই শীর্ষ আলোচকের জন্য কিয়েভ সফরটি হবে ইউক্রেনের রাজধানীতে তাঁদের প্রথম সফর। এরই মধ্যে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ নিজ দেশের রাজধানীতে তিন দিন একে অপরের ওপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


উইটকফ ও কুশনার যখন ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করছিলেন, তখন জেলেনস্কি বলেন, তিনি ‘গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে’ প্রস্তুত।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। মস্কোর কেন্দ্রস্থলে পুতিনের সরকারি বাসভবনে রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মস্কোর বৈঠকের পর এবার কিয়েভে মার্কিন প্রতিনিধি দলের সফরকে ইউক্রেন যুদ্ধ অবসানে চলমান কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে।