বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ প্রকল্পে তরুণ উদ্যোক্তা বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন মানিকগঞ্জের হরিরামপুরের নারী উদ্যোক্তা রুমা আক্তার। তাঁর অভিযোগ, উদ্যোক্তা অনুসন্ধানের নামে বিপুলসংখ্যক আবেদন গ্রহণ ও সাক্ষাৎকার নেওয়া হলেও অনেক আবেদনকারী তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা, উদ্যোগের সম্ভাবনা ও বাস্তবায়ন কৌশল বিস্তারিত তুলে ধরার পর্যাপ্ত সুযোগ পাননি। এতে প্রকৃত সম্ভাবনাময় উদ্যোক্তারা বাছাই প্রক্রিয়ায় যথাযথভাবে মূল্যায়িত হয়েছেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
রুমা আক্তারের প্রশ্ন, মাত্র কয়েকটি মৌখিক প্রশ্নের মাধ্যমে একটি উদ্যোগের বাস্তবতা, উদ্যোক্তার সক্ষমতা, বিনিয়োগ পরিকল্পনা ও কর্মসংস্থানের সম্ভাবনা যাচাই করা কতটা যুক্তিসংগত? উদ্যোক্তা বাছাই কি এতটাই সহজ কাজ, নাকি প্রতিটি প্রকল্প যাচাইয়ে আরও সময় ও গভীর পর্যালোচনা প্রয়োজন?
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমে সাক্ষাৎকার বোর্ডের সদস্যদের যেভাবে পরিচয় করিয়ে দিয়েছিল, সাক্ষাৎকারকক্ষে গিয়ে তিনি তাঁদের কাউকে দেখতে পাননি। যদিও তাঁরা অন্য বোর্ডে দায়িত্ব পালন করে থাকতে পারেন। এ ছাড়া প্রকল্পের শুরুতে কেন্দ্রীয় ও স্থানীয়—দুটি কমিটির মাধ্যমে উদ্যোক্তা বাছাইয়ের কথা বলা হলেও উপজেলা-ভিত্তিক এই কর্মসূচিতে স্থানীয় কমিটির কার্যক্রম ও ভূমিকা কী ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্পৃক্ততা থাকলে প্রকল্পের বাস্তবতা যাচাই আরও কার্যকর হতো কি না, সেটিও জানতে চান তিনি।
রুমা আক্তারের আরও আশঙ্কা, তাঁর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ, নারী উদ্যোক্তা হিসেবে ঋণের সুদহার কিংবা প্রযুক্তি খাতের উদ্যোগ হওয়ায় অর্থায়নের ক্ষেত্রে সম্ভাব্য সুবিধা—এসব বিষয় মূল্যায়নে কোনো প্রভাব ফেলেছে কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। যদিও এ বিষয়ে তাঁর কাছে কোনো প্রমাণ নেই, তিনি বিষয়গুলোকে মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাইয়ের প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন।
তিনি বলেন, “কারা নির্বাচিত হয়েছেন, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু কারা বাদ পড়েছেন এবং কী কারণে বাদ পড়েছেন, সেটিও সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত। আমি বিশেষ সুবিধা চাই না, ঋণ পাওয়ার নিশ্চয়তাও চাই না। আমি চাই আমার প্রকল্পের ন্যায্য মূল্যায়ন। একজন উদ্যোক্তাকে তাঁর পরিকল্পনার পূর্ণাঙ্গ সম্ভাবনা তুলে ধরার সুযোগ না দিয়ে কীভাবে প্রকৃত উদ্যোক্তা নির্বাচন সম্ভব?”
রুমা আক্তারের দাবি, শুধু তাঁর প্রকল্প নয়, প্রতিটি অনির্বাচিত আবেদনকারীর মূল্যায়নের মানদণ্ড, নম্বর ও বাদ পড়ার কারণ জানার সুযোগ নিশ্চিত করতে হবে। তাঁর মতে, বিপুলসংখ্যক আবেদন গ্রহণ ও প্রচার-প্রচারণার চেয়ে যোগ্য উদ্যোক্তা চিহ্নিত করা এবং তাঁদের উদ্যোগের যথাযথ মূল্যায়ন করাই হওয়া উচিত এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
তাঁর প্রশ্ন—তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখানো হচ্ছে, অথচ সেই স্বপ্নের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হচ্ছে কি না, তার জবাব কে দেবে?
তিনি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে বাছাই প্রক্রিয়ার স্বচ্ছ ব্যাখ্যা এবং তাঁর প্রকল্পসহ অনির্বাচিত আবেদনগুলোর মূল্যায়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।