নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের কুন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬) পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, সম্মাননা পুরস্কার বিতরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান সজল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুদা আক্তার মলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মুসা, কুন্দন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আগামী দিনের শিক্ষাজীবনে সাফল্য কামনা করেন। তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষকদের প্রধান লক্ষ্য।
বক্তব্য শেষে বিদায়ী ৪০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।