জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের নেত্রকোণার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি মনোনীত নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান সোহরাব উদ্দিন আকন্দ, জাতীয় নাগরিক পার্টির মদন উপজেলা আহ্বায়ক শাহ আবুল খায়ের রুবেল, আটপাড়া উপজেলা আহ্বায়ক নাজমুল ইসলাম, জাতীয় যুবশক্তি নেত্রকোণা জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইমন কায়েস শুভ, জাতীয় ছাত্রশক্তি নেত্রকোণা জেলা আহ্বায়ক আব্দুল গাফফার এবং সদস্য সচিব তামিম ইকবাল শিশির তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ফাহিম রহমান খান পাঠানের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। আগুন দিয়ে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে রাজনৈতিক নেতাকর্মীদের আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতা দমিয়ে রাখা যাবে না। এ ধরনের সহিংস কর্মকাণ্ড দেশের রাজনৈতিক পরিবেশ ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
বক্তারা আরও বলেন, দেশে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও অরাজকতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একটি স্বাধীন ও সার্বভৌম দেশে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা ঐক্যবদ্ধ রয়েছেন। প্রয়োজনে দেশের জন্য রক্ত দিতে এবং জীবন উৎসর্গ করতেও প্রস্তুত রয়েছেন বলে জানান তারা।
এ সময় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অগ্নিসংযোগ ও সহিংসতার মতো ঘটনা দ্রুত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা ফাহিম রহমান খান পাঠানের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ভয়ভীতি বা হামলা চালিয়ে তাদের কণ্ঠরোধ করা যাবে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান।