ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর সোনালী ব্যাংক চত্বর ও ফেরীঘাট মোড় এলাকায় খুলনা মহানগর, জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করার দায়ে খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং গণভোটে সংস্কারের যে গণরায় এসেছে, সরকারকে তা বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ না রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও সম্প্রসারণ করতে হবে, যাতে নির্যাতিত মানুষেরা কথা বলতে পারেন এবং আওয়ামী লীগের জুলুম-অপরাধ সামনে আসে।
এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে এবং ডা. আব্দুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপি ও আরিফুল ইসলাম আদীব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি খুলনা মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়