অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের মিনিস্ট্রি টার্ফ-২ মাঠে অনুষ্ঠিত হবে দুই দলের গুরুত্বপূর্ণ এই লড়াই। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করে পাকিস্তান। তিন ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহের পাশাপাশি ১.১৮৬ নেট রানরেট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা।
টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে তিন উইকেটে পরাজিত করে তারা। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয় পাকিস্তান।
অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় হয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। ফলে প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘এ’-এর শীর্ষ দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
আট দলের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একই দিন আল আমেরাতের টার্ফ-১ মাঠে মুখোমুখি হবে ভারত ও গ্রুপ ‘বি’-এর শীর্ষ দল আফগানিস্তান। গ্রুপ পর্বে শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। এর আগে নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে পাকিস্তানের কাছে অল্প ব্যবধানে হেরে যায় তারা।
অন্যদিকে, সোমবার শ্রীলঙ্কাকে ১০৬ রানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় আফগানিস্তান। তিন ম্যাচে ছয় পয়েন্ট এবং ৩.১৭৬ নেট রানরেট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে দলটি। দুই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ১৪ নভেম্বর একই ভেন্যুর টার্ফ-২ মাঠে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশের সামনে এখন শক্তিশালী পাকিস্তানকে হারানোর কঠিন চ্যালেঞ্জ।