আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ার ২নং বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি গ্রামের বিভিন্ন পাড়া ও মহল্লায় প্রায় অর্ধশত নারী একত্রিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটার ও গ্রামবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন।
গণসংযোগে অংশগ্রহণকারী নারী কর্মী ও সমর্থকদের ভাষ্যমতে, তারা ২নং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান সরকারের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তারা প্রার্থীর পক্ষ থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবার বিভিন্ন পরিকল্পনার কথা স্থানীয় বাসিন্দাদের সামনে তুলে ধরেন এবং তাদের মতামত শোনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরো কর্মসূচি জুড়ে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গ্রামবাসীর সঙ্গে তাদের আন্তরিক কুশল বিনিময় ছিল চোখে পড়ার মতো। বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কথা বলায় স্থানীয় ভোটারদের মাঝেও বেশ সাড়া লক্ষ্য করা গেছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী দিনগুলোতেও ইউনিয়নের অন্যান্য ওয়ার্ড ও গ্রামে এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।