এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেল যোগাযোগ বন্ধ, স্টেশনে আটকা দুই ট্রেন, নতুন উপজেলা গঠনের প্রস্তাব ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের সাধারণ মানুষ। নিজেদের ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার প্রতিবাদে শেষ পর্যন্ত রেললাইনে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বিক্ষোভে এক ঘণ্টায়, অচল হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ। আটকা পড়ে দুটি যাত্রীবাহী ট্রেন, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার ২৪ নভেম্বর বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এবার সেটিকে উপজেলায় উন্নীত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আর এ প্রস্তাবকে কেন্দ্র করেই সদর উপজেলার মাছিহাতাসহ কয়েকটি ইউনিয়নকে নতুন উপজেলার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে দেখা দিয়েছে বিরোধ।
প্রস্তাবিত পরিকল্পনায় সদর উপজেলার মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে বরিশল উপজেলায় যুক্ত করার বিষয়টি সামনে এসেছে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা।
মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা। স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশের পর বেলা ১১ টার দিকে বিক্ষুব্ধ জনতা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এ রেলপথে ট্রেন চলাচল।
অবরোধের কারণে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এক ঘণ্টা ধরে রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়।
জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, মাছিহাতা, বাসুদেব ও সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কোনো অবস্থাতেই তাঁরা বরিশলের সঙ্গে যুক্ত হতে চান না। দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নতুন উপজেলা গঠনের প্রশাসনিক পরিকল্পনা নিয়ে স্থানীয়দের এই অবস্থান শেষ পর্যন্ত কতদূর গড়ায়, এখন সেটিই দেখার বিষয়। তবে একটি প্রস্তাবকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রেলপথ অবরোধের ঘটনায় জনদুর্ভোগের বিষয়টিও নতুন করে সামনে এসেছে।