বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত আহ্বায়ক আমানউল্লাহ আমান এমপি ও সদস্যসচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জেলা শ্রমিক দলের উদ্যোগে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক আনসার উদ্দিন শেখ, আব্দুর রাজ্জাক ফকির, জেলা অটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহেল শেখ, শ্রমিক দলের সহসাংগঠনিক সম্পাদক মো. সোহাগ শেখ এবং সহপ্রচার সম্পাদক মো. বাদশা শেখ।
বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে সংগঠন আরও ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পিরোজপুর জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।