ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে লামায় উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব।
মঙ্গলবার(২৪ নভেম্বর) সকাল থেকে সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও নানা মাঙ্গলিক অনুষ্ঠান। এতে অংশ নেন বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা এবং বিভিন্ন বয়সি পূণ্যার্থী।
সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। সকাল ১১.৩০টার মধ্যে আগত বৌদ্ধ ভিক্ষুসংঘদের উদ্দেশ্যে সংঘদান করা হয়, পূন্যার্থীরা চীবর, অর্থ ও বিভিন্ন ফলমুল নিয়ে বিহারে জড়ো হন। নিজেদের ঐতিহ্য পোশাক পরিধান করে ধর্মদেশনায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বিকেল ৩.০০টায় বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে কঠিন চীবরসহ বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ করেন পূণ্যার্থীরা।
দেশ ও জাতির মঙ্গল কামনায় পঞ্চশীল ও অষ্টশীলসহ ধর্মদেশনা দেন বিহারের অধ্যক্ষ উপাইন্দা ওয়াইসা মহাথেরো।
সাবেক বিলছড়ি বৌদ্ধ বিহারের পরিচালনার দায়িত্বে থাকা ছাগলখাইয়া মৌজার মৌজা হেডম্যান মংক্যসিং মার্মা জানান, বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কঠিন চীবর দান অত্যন্ত পূণ্যময় একটি ধর্মীয় আয়োজন। আষাঢ়ী পূর্ণিমার পর প্রবারণা পূর্ণিমা থেকে শুরু করে নিদিষ্ট সময়ের মধ্যে এই চীবর দান করা হয়। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আত্মশুদ্ধি,সংযম, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা লাভ করেন। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে শেষ হলো কঠিন চীবর দানোৎসব।