প্রথমবারের মতো যৌথভাবে চারটি দেশে আয়োজন হতে যাচ্ছে ফিফা নারী বিশ্বকাপ। ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা।
আগামী ২০২৭ সালের নারী বিশ্বকাপের মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় বসবে এই টুর্নামেন্ট। ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া সেই আসরের আগেই সোমবার ফিফার বিশেষ সভায় ঘোষণা করা হয়েছে পরবর্তী দুই বিশ্বকাপের আয়োজক দেশের নাম।
ঘোষণা অনুযায়ী, ২০৩৫ সালের নারী বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে চারটি দেশ। আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস।
এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৫ সালে কানাডায় নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ফলে ২০৩১ সালের আসরটি হবে উত্তর আমেরিকায় আয়োজিত তৃতীয় নারী বিশ্বকাপ।
অন্যদিকে, ২০৩৫ সালের আসরটি হতে যাচ্ছে যুক্তরাজ্যে আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ। শুধু তাই নয়, ১৯৬৬ সালের পুরুষদের বিশ্বকাপের পর এটিই হবে যুক্তরাজ্যে আয়োজিত প্রথম ফুটবল বিশ্বকাপ।
এদিকে ২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হবে ৩২ দলের নারী বিশ্বকাপ। এটিই হবে ৩২ দলের অংশগ্রহণে শেষ আসর। পরবর্তী বিশ্বকাপ থেকে পুরুষদের বিশ্বকাপের আদলে নারী বিশ্বকাপেও অংশ নেবে ৪৮টি দল। আর ৩২ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব।