বরগুনার আমতলীতে জয়বাংলা স্লোগান দেওয়ার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাহবুব (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৩টার দিকে পৌরসভা সংলগ্ন ২নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহবুব আমতলী থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড আইনের মামলার ২২ নম্বর এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আমতলী ইউনুস আলী খান কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে জয়বাংলা স্লোগান দেওয়া হয়। এছাড়া নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতারকৃত মাহবুব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং ওই মামলার এজাহারভুক্ত আসামি। সকল আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।