সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উসমত আলী। সভা সঞ্চালনা করেন মহিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হেলু মিয়া, মুজিবুর মাস্টার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হালিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুর রউফসহ মাহারাম ও বড়গোপ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহপ্রচার সম্পাদক আজিম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল হাসান রাজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম আবেগঘন বক্তব্যে বলেন, তাঁর প্রয়াত বাবা হাজী ইউনুছ আলী মেম্বার মৃত্যুর প্রায় তিন মাস আগে তাঁকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখার স্বপ্নের কথা জানিয়েছিলেন। বাবার সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই শুধু পদ-পদবির জন্য নয়, বড়দল উত্তর ইউনিয়নের মানুষের সেবক হতে চাই। ইউনিয়নের উন্নয়নের জন্য যেখানে যাওয়ার প্রয়োজন হবে, সেখানে যাব। জনগণের স্বার্থে প্রয়োজন হলে হাত পেতে হলেও উন্নয়নমূলক কাজের জন্য সহযোগিতা নিয়ে আসব।”
তিনি আরও বলেন, অতীতে এই ইউনিয়নে দীর্ঘদিন ধরে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করলেও ঐক্যের অভাবে কাঙ্ক্ষিত বিজয় অর্জন সম্ভব হয়নি। তাই এবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে ইনশাআল্লাহ বিজয় অর্জন সম্ভব হবে।
শফিকুল ইসলাম আরও বলেন, বড়দল উত্তর ইউনিয়ন তাঁর নিজের এলাকা। এখানকার মানুষের সঙ্গে তাঁর শৈশব-কৈশোরের সম্পর্ক। কেউ তাঁর চাচা, কেউ ভাই, কেউ বন্ধু, আবার কেউ ছোট ভাই। তাই সবার কাছে তিনি সর্বাত্মক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, ঐক্য ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পরিশেষে শফিকুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁর নির্বাচনী পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।