সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ। অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানা গেছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে জুতা খুলে প্রবেশের নিয়ম চালু করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে চালু থাকা এ নিয়ম নিয়ে সেবাগ্রহীতা ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
ওই কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রঞ্জিত বিশ্বাস বলেন, শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন। সবার ভালোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল বলেন, জুতা রাখার জন্য বক্সের ব্যবস্থা করা হবে। অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে জুতা খুলে প্রবেশ বাধ্যতামূলক, বিষয়টি এমন নয়।