নওগাঁ সদর মডেল থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ মো. হারুনুর রশিদ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে নওগাঁ সদর মডেল থানাধীন শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানার একটি বিশেষ টিম ৫ নভেম্বর রাত পৌনে এগারোটার দিকে (২২:৪৫ ঘটিকা) বিল ভবানীপুর গ্রামের জনৈক হারুনুর রশিদের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে অবৈধ ১৪০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. হারুনুর রশিদ ওই গ্রামের মৃত অজি মন্ডল ও মৃত হাজেরা বেগমের ছেলে।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।