পুলিশ সূত্রে জানা যায়, গত ০৪ নভেম্বর দুপুর ২টার দিকে বাদী মো. রেজাউল (৩১) তাঁর ব্যবহৃত টিভিএস মেট্রো মোটরসাইকেলটি কর্মরত প্রতিষ্ঠান মজনু রুটি ফ্যাক্টরির স্টাফ রুমে রেখেছিলেন। এরপর একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে যে কোনো সময়ে কে বা কারা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাদী জানতে পারেন, একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মী মো. শাকিল (২২) ও তালহা (২১)—উভয়ের বাড়ি ধামইরহাট উপজেলার রূপনারায়নপুর এলাকায়—সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে এই চুরির ঘটনা ঘটিয়েছে এবং চোরাই মোটরসাইকেলটি ধামইরহাট এলাকাতেই রয়েছে।
বিষয়টি জানার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক দ্রুত একটি চৌকস আভিযানিক টিম গঠন করেন। পরবর্তীতে পুলিশের বিশেষ টিম ধামইরহাট ইউনিয়ন পরিষদ এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে এবং প্রধান আসামি শাকিল হোসেনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাকিল গত ০৪ নভেম্বর সহযোগী তালহাসহ মিলে মোটরসাইকেলটি চুরির কথা স্বীকার করেছে। অনুসন্ধানে আরও জানা যায়, গ্রেফতারকৃত শাকিল এলাকায় মাঝেমধ্যেই বিভিন্ন চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এ ঘটনায় ধামইরহাট থানায় নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।