৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলার ‘বিকল্প কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ’। সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সমিতিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) চাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সমিতিটি ২০২৫ সমবায় বর্ষে ‘অডিট ফি ও সিডিএফ’ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় অবস্থিত সমিতিটি ২০২৩ সালের ৯ অক্টোবর নিবন্ধিত হয়। এর নিবন্ধন নম্বর ১৩৩।
সমিতির সম্পাদক মো. নাছির উদ্দিন এবং অর্থ সম্পাদক মো. খালেদ হোসেন খান এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা সমিতির সদস্যদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে বলে জানান।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা এবং ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন কমিটির সভাপতি মো. শাহাব উদ্দিন স্বাক্ষরিত সম্মাননা সনদ ও স্মারক প্রদান করা হয়।
এ অর্জনে সমিতির সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁরা ভবিষ্যতেও সমবায়ের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি, আর্থিক সহযোগিতা এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।