ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর ২০২৬, শনিবার, দুপুর ২টায় শাখা সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এম মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদীতে ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির প্রকৃত মুক্তি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই।
প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুফতী মনসুর আহমদ সাকী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় আদর্শিক যুব নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। যুবসমাজকে অন্যায়, দুর্নীতি, আধিপত্যবাদ ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশপ্রেম, দায়িত্বশীলতা ও ইসলামী মূল্যবোধ ধারণ করে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, অর্থনৈতিক সংকট, যুবসমাজের কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সংকট, ফিলিস্তিনের স্বাধীনতা ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে অন্যান্য বক্তারাও দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় আদর্শিক যুবসমাজের ভূমিকা অপরিসীম। তাঁরা যুবকদের মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মনির হোসেন, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ; আলহাজ্ব আশরাফা হোসেন ভূঁইয়া, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা; মাওলানা আরিফুল ইসলাম মোল্লা, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা ও মুহাম্মদ আতিকুর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে নরসিংদী জেলা ও বিভিন্ন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সম্মেলন শেষে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষনা করেন সভাপতি - মাওলানা মোবারক হোসাইন সাধারণ সম্পাদক - মো: জহিরুল ইসলাম