পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (রবিবার) নিয়ামতপুর থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি আভিযানিক দল জানতে পারে যে, নিয়ামতপুর থানাধীন বেলির মোড় থেকে পাথকৈলগামী রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে।
এই সংবাদের ভিত্তিতে ডিবির টিম দ্রুত নিয়ামতপুর উপজেলার কন্যাপুর গ্রামের জনৈক হারুনের বাড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে। বিকেল ৪টার দিকে একটি মোটরসাইকেল চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয় এবং চালককে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার নাম-পরিচয় প্রকাশ করেন। তিনি হলেন— মিলোম (২৫), পিতা- জাহির, গ্রাম- বিশ্বনাথ খলিফাপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
পরে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে দুই কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।