রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে। দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী আজ তাঁকে আদালতে পাঠানো হবে।
রাকিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।