দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মূল্যবান তামার কয়েল ও চুরির যন্ত্রপাতিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আরও কয়েকজন পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) এসএম আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকার হাইওয়ে রোড ও আশপাশে মাদক উদ্ধার এবং চুরি প্রতিরোধে চেকপোস্ট অভিযান পরিচালনা করছিলেন। গত ২৩ নভেম্বর ফুলবাড়ী ঢাকা মোড় থেকে শিয়ালীডাঙ্গাগামী পাকা রাস্তায় একটি অটোভ্যানসহ তিনজন ব্যক্তিকে তিনটি সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে যেতে দেখে সন্দেহ হয় পুলিশের।
ভ্যানটি থামানোর সংকেত দিলে চালক ভ্যান থামিয়ে কয়েকজন দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে আরও দুই-তিনজন পালিয়ে যায়। পরে আটককৃতদের হেফাজতে থাকা অটোভ্যান ও তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ৬টি তামার কয়েল এবং চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত তামার কয়েলগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটাপাড়া (আটাপুর, উচাই) গ্রামের মো. মোফাজ্জল ওরফে মোফা মিস্ত্রির ছেলে মো. সুলতান মিয়া (৩৪) এবং একই থানার কালাপুকুর গ্রামের মো. আনছারের ছেলে মো. মাসুদ রানা (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা ও পলাতক সহযোগীরা ওইদিন রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে অজ্ঞাত স্থান থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলো চুরি করেছিল।
এ ঘটনায় ফুলবাড়ী থানায় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা নং-২০ (তারিখ: ২৩/১১/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। চুরি ও মাদক প্রতিরোধে ফুলবাড়ী থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।