নেত্রকোনা পৌরশহরের প্রশাসনিক গুরুত্বপূর্ণ এলাকা সার্কিট হাউস মোড়ে কিশোর গ্যাংয়ের হামলায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত দুই শিক্ষার্থী হলো—কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান (১৩) এবং দত্ত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রায়ান বিন আপন রিদীন। রায়হান নেত্রকোনা পৌরশহরের কুড়পাড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্কুল শেষে বাড়ি ফেরার পথে আট থেকে দশজন কিশোরের একটি দল দুই শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের মারধর করা হয় এবং বেল্টসহ বিভিন্ন বস্তু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। হামলায় দুই শিক্ষার্থী রক্তাক্ত ও আহত হয়। ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলটি নেত্রকোনা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় অবস্থিত। মোক্তারপাড়া ব্রিজ থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে সার্কিট হাউস মোড়ের কাছে এ হামলার ঘটনা ঘটে। কাছেই রয়েছে সার্কিট হাউস, সংসদ সদস্যের বাসভবন এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়। প্রশাসনিক গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা ঘটায় শহরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকেরা।
ঘটনার পর স্থানীয়রা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়। রায়হানের মাথায় গুরুতর আঘাত থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত শিক্ষার্থী রায়ান বিন আপন রিদীনকে সদর হাসপাতালে চিকিৎসা ও মাথায় ব্যান্ডেজ দেওয়া হয়।
কী কারণে এ হামলা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সহপাঠীদের সূত্রে জানা গেছে, শহরের কাটলি ও মোক্তারপাড়া এলাকায় কিশোরদের বিভিন্ন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সিনিয়র-জুনিয়র আধিপত্য বিস্তার ও বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় জড়িত সন্দেহে সাগর, আরাফাত ও লাবিব নামে তিন কিশোরের নাম স্থানীয় সূত্রে পাওয়া গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়নি।
এদিকে ঘটনার পর নেত্রকোনা মডেল থানা-পুলিশ হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেয়। এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছে। গুরুতর আহত শিক্ষার্থী রায়হান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিক শঙ্কা কেটে গেছে।
ওসি আরও জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্কুল শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের ওপর এমন হামলার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের মতে, কিশোরদের মধ্যে দলবদ্ধ সংঘাত, আধিপত্য বিস্তার ও সহিংস প্রবণতা রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
নেত্রকোনার সচেতন মহলের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।