দিনাজপুরের পার্বতীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মনোয়ারা বেগম মনি (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের আমেরিক্যান ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, মোমিনুল ইসলাম ও হাশেম আলী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহিনুর ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় মনোয়ারা বেগম মনিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে তাঁর কাছ থেকে ১৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৬৩০ টাকা, মাদক সেবনে ব্যবহৃত বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের মধ্যে ৭টি বাটন ফোন ও ১টি স্মার্টফোন রয়েছে।
পুলিশের দাবি, আটক মনোয়ারা বেগম মনি আমেরিক্যান ক্যাম্প এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানিয়েছেন।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।