নওগাঁর মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত আসামির নাম মো. সিরাজুল ইসলাম (৩২)। তিনি মান্দা উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার (নুরুল্যাবাদ দক্ষিণ) এলাকার বাসিন্দা এবং মো. হাকিম মন্ডল ও মোছা. মুক্তা বেগমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর (সোমবার) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে মান্দা থানা পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার চৌরাস্তা মোড়ে ‘আশা সিমেন্ট, মদিনা মেশিনারীজ ও সেনেটারী’ দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সিরাজুল ইসলামকে আটক করা হয়।
মান্দা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের ঘটনায় আটক আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা চারটি মাদক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।