২০১৮ সালের বিতর্কিত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকেই অস্ট্রেলিয়া বল টেম্পারিং করেছিল বলে অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কাণ্ডে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যাটার ক্যামেরন ব্যানক্রফটকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগে তাদের শাস্তি হয়।

সম্প্রতি সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা তাঁর আত্মজীবনীতে দাবি করেন, কেপটাউনের আগের টেস্টেও বল টেম্পারিংয়ের জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটও পোর্ট এলিজাবেথের ওই ম্যাচে এমন ঘটনা ঘটেছিল বলে স্বীকার করেছেন।

তবে ডি ভিলিয়ার্সের দাবি, ঘটনাটি পোর্ট এলিজাবেথে নয়, আরও আগেই ডারবানে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট থেকেই শুরু হয়েছিল। নিজের ইউটিউব চ্যানেল ABD360-এ ডি ভিলিয়ার্স বলেন, ডারবানের প্রথম টেস্টেও বলের আকৃতি পরিবর্তন করা হয়েছিল বলে তাঁর কোনো সন্দেহ নেই। তাঁর দাবি, ম্যাচে বল অস্বাভাবিকভাবে দ্রুত রিভার্স সুইং করছিল, যা কিংসমিডের পরিস্থিতিতে এত দ্রুত হওয়ার কথা নয়।

ডি ভিলিয়ার্স বলেন, অস্ট্রেলিয়া কী ব্যবহার করেছিল—স্যান্ডপেপার নাকি অন্য কোনো বস্তু—তা তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। তাঁর মতে, যা ঘটেছে সেটি স্বীকার করে খেলোয়াড়দের বলা উচিত ছিল, ‘আমরা ভুল করেছি।’ তবে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ক্যামেরন ব্যানক্রফট সম্প্রতি প্রায় চার হাজার শব্দের এক নিবন্ধে দাবি করেছেন, ডারবান টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করা হয়নি। তাঁর ভাষ্য, ওই ম্যাচে বলের যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিই অনুসরণ করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার ওই সময়ের বোলিং আক্রমণ এবং তৎকালীন কোচ ড্যারেন লেহম্যান সিরিজে বল টেম্পারিংয়ের বিষয়ে কোনো ধরনের জ্ঞান থাকার কথা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছেন। বর্তমান অস্ট্রেলীয় টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও খাজার অভিযোগকে ‘সম্পূর্ণ ভুল’ ও ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি ২০১৮ সালের ওই সিরিজে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের অংশ ছিলেন।

এদিকে, বল টেম্পারিং কাণ্ডে জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজেদের বক্তব্য স্বেচ্ছায় তুলে ধরার সুযোগ দিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি স্বাধীন ফোরাম গঠন করেছে। তবে এটি পূর্ণাঙ্গ তদন্ত নয় এবং এর মাধ্যমে নতুন করে কোনো শাস্তিও দেওয়া হবে না।

২০১৮ সালের সিরিজের সব ম্যাচে খেলেছিলেন ডি ভিলিয়ার্স। সিরিজ শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।