নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। শুটিং ইউনিট সূত্রে জানা যায়, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন সোহেল খান। গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন অভিনেতা। পরে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে এক সদস্য তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়া না পেয়ে তিনি অন্যদের ডাকেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।