কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে খামারি ও কৃষকদের গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসাসেবা, ভ্যাকসিন ও ওষুধ প্রদান করা হয়। পরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, উপজেলা প্রকৌশলী মোঃ আলী জিন্নাহ, ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুল হক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমান। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ, প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করা, বিদেশে প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানি বৃদ্ধি এবং প্রাণিসম্পদভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।