গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীতে বিশেষ টহল অভিযান চালিয়ে ১৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত নৌ টহল ডিউটি চলাকালীন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে পেতে রাখা ১৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এসব জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
অভিযান শেষে জব্দকৃত জালগুলো নদীর পাড়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে স্থানীয় জনসম্মুখে এবং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেঘনা নদীতে অবৈধ জাল ব্যবহার ও মৎস্য সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।