সুনামগঞ্জের তাহিরপুরে সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রতিমা রানী দাস (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গরুটিও মারা গেছে। মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রতিমা রানী দাস পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের গোপাল চন্দ দাসের স্ত্রী। দুর্ঘটনায় আহতরা হলেন একই গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে দীপাল দাস (৩০) এবং মোটরসাইকেল চালক তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল গ্রামের মোশাররফ হোসাইনের ছেলে পাবেল হোসাইন (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চালকসহ তিনজন একটি মোটরসাইকেলে করে মধ্যনগর থেকে তাহিরপুর বাজারের উদ্দেশে রওনা হন। পথে শাহগঞ্জ গ্রামের কাছে পৌঁছালে সড়কে থাকা একটি গরুর সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষে গরুটিও ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় প্রতিমা রানী দাসসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে প্রতিমা রানী দাসের মৃত্যু হয়। আহত অপর দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদ নূরী বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত এক নারীসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। পথিমধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ অবগত করেননি। তবে বিষয়টি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।