চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া একটি সাদা রঙের টয়োটা করোলা প্রাইভেটকার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউসুলী (মাদরা) এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে বুধহাটা ইউনিয়নের বাউসুলী গ্রামের ইলিয়াস হোসেনের বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ি উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের একটি সাদা রঙের করোলা প্রাইভেটকার চুরি হয়। এ ঘটনায় গত ১৯ অক্টোবর হাজীগঞ্জ থানায় ৩৩ নম্বর চুরির মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে গাড়িটি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউসুলী এলাকায় ইলিয়াস নামে এক ব্যক্তির ব্যবহারে রয়েছে বলে জানতে পারেন তদন্ত কর্মকর্তা। পরে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম আশাশুনিতে এসে স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। সোমবার ভোরে বাউসুলী গ্রামের ইলিয়াসের বাড়ির সামনে থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নূরে আলম জানান, গাড়িটি উদ্ধারের পর মূল চোরকে শনাক্ত ও গ্রেপ্তারে ইলিয়াস এবং স্থানীয় যুবদল নেতা আবু জাহিদ সোহাগ পুলিশের সঙ্গে সহযোগিতা করেন। এ সহযোগিতার কারণে ইলিয়াসকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, ইলিয়াস আলী প্রায় দুই মাস আগে ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯ নম্বরের একটি পুরোনো সাদা রঙের করোলা প্রাইভেটকার কিনে ভাড়ায় চালাতেন। প্রয়োজনে তিনি নিজেও এবং এলাকার অনেকে গাড়িটি ভাড়া নিতেন। সোমবার পুলিশ গাড়িটি উদ্ধার করার পর সেটি চোরাই বলে জানতে পারেন। এরপর মূল চোরকে শনাক্ত ও গ্রেপ্তারে তিনি এবং ইলিয়াস পুলিশকে সহযোগিতা করেন।
সোহাগ আরও বলেন, “পুলিশ ইলিয়াসকে সঙ্গে নিয়ে ঢাকায় যায়। পরে শুনেছি, চোরকে শনাক্ত করার পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।”
তিনি অভিযোগ করেন, একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। যুবদল নেতা আবু জাহিদ সোহাগের মৎস্যঘের থেকে চোরাই প্রাইভেটকার উদ্ধারের যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান সোহাগ।