ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র ২০ দিনের মাথায় গ্রেপ্তার হলেন জালাল উদ্দীন। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও একই ওয়ার্ডের মেম্বার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তাঁকে সৈয়দপুর উপজেলা পরিষদের সামনে থেকে আটক করে সাদা পোশাকের থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে তাকে।
জানা যায়, কামারপুকুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হওয়ায় জুলাই অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে এসে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সম্প্রতি তিনি বিনা অনুমতিতে চিকিৎসার জন্য ভারতে যাওয়ায় বরখাস্ত হয়েছেন।
এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া নিয়ে ব্যাপক নাটকীয়তা চলে। অভিযোগ রয়েছে নিয়মানুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মুয়ীদ আলাল দায়িত্ব প্রাপ্য হলেও শুধু জামায়াত নেতা ও নীলফামারী-৪ আসনের এমপি'র ভাই হওয়ায় অর্থ আত্মসাতের ভুয়া অভিযোগ দিয়ে তাকে ঠেকিয়ে দেওয়া হয়।
অন্যদিকে ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোখছেদুল ইসলামসহ ৪ জন মেম্বার মিলে প্যানেল চেয়ারম্যান-৩ সংরক্ষিত নারী সদস্য হোসনে আরা কে দায়িত্ব পাইয়ে দিতে ২ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু এই ঘটনা সংবাদ পত্রের মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় তা ভেস্তে যায়।
এরপর আওয়ামী লীগ নেতা হওয়া সত্বেও মেম্বাররা রেজুলেশনের মাধ্যমে জালাল উদ্দীনকে দায়িত্ব দেয় এবং সেই অনুযায়ী জেলা প্রশাসকও তার জন্য সুপারিশ করেন। এক্ষেত্রেও ৫ লাখ টাকা লেনদেন হয়েছে এবং গোপনে রেজুলেশন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু তারপরও গ্রেপ্তার হতে হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে।
এব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, সম্প্রতি দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অরাজকতার সাথে একাত্ম হয়ে সৈয়দপুরেও নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। এর সাথে জড়িত থাকায় কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মূলত: ইউনিয়ন পরিষদের নীতিমালা অনুযায়ী ইউপি সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতেই জেলা প্রশাসন জালাল উদ্দীনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন। তিনি যে আওয়ামী লীগ নেতা এব্যাপারে সেই সময় কোন অভিযোগ বা আপত্তি উঠেনি এবং এই তথ্য আমাদের জানাও ছিলনা।