বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী নিজ উদ্যোগ ও অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। বড় রায়পাড়া দক্ষিণপাড়া খালের পাড়ের (পশ্চিম থেকে পূর্ব) পাশ দিয়ে স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে এই সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে।
সাঁকোটি নির্মিত হওয়ায় বড় রায়পাড়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী, এলাকার কৃষক এবং সাধারণ মানুষের চলাচল আগের চেয়ে অনেক সহজ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে খাল পারাপার ও ওই পথ দিয়ে যাতায়াতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল।
এ বিষয়ে ওই ছাত্রনেতা ও মেম্বার প্রার্থী জানান, এলাকার মানুষের দৈনন্দিন চলাচল সহজ করা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যেই তিনি নিজ অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেছেন। এলাকাবাসীর উপকারে আসবে—এমন একটি উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
পাশাপাশি তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, যেন আল্লাহ এই উদ্যোগ কবুল করেন এবং সকলের জন্য কল্যাণকর করে তোলেন। ভবিষ্যতেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।