নেত্রকোণায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত উপদেষ্টা ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জন, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন দপ্তরের কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আরও আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় সবাইকে আরও উদ্যমী ও কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।