নেত্রকোনা সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও নাশকতা প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, বিট অফিসার ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় দেশের বিদ্যমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় পর্যায়ে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করা, অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ, সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। ইউনিয়ন পর্যায়ে অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভায় আরও গুরুত্ব দেওয়া হয়, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সামাজিক সম্প্রীতি রক্ষা, জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি এবং যেকোনো ধরনের গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে।
প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এলাকার মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক, বিট অফিসার, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাসহ আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নেত্রকোনা গড়ে তুলতে।