রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ১৮ অক্টোবর বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক কালবেলার কাউনিয়া উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, সাংবাদিক নিতাই রায়, শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল কুদ্দুস বসুনিয়া, মিজানুর রহমান ও জুলহাস হোসেন সোহাগসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষা, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক কালবেলা তার সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা আরও বলেন, গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধিতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। এ ক্ষেত্রে দৈনিক কালবেলা ভবিষ্যতেও সাহসী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।