নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, স্বাধীন সাংবাদিকতা এবং সমাজের নানা অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও অতিথিরা।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৯ টার দিকে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মাসুদ পারভেজ রুবেল। অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মাজেদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদপত্রের ২১ বছরের পথচলা শুধু সময়ের হিসাব নয়; বরং পাঠকের আস্থা অর্জন, সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত গঠন করা এবং সাধারণ মানুষের কথা সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়া।
সভাপতির বক্তব্যে ফারুকুল ইসলাম বলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, পাঠক ও সংশ্লিষ্ট সবাইকে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আগামীতেও দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। গণমাধ্যম যেন সব সময় সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করে, সে আহ্বানও জানান তিনি। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
প্রধান অতিথি মো. মাসুদ পারভেজ রুবেল পত্রিকাটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন সরকার, শাহাদাৎ এইচ. চৌধুরী, পীর মোহাম্মদ, এস এম মিঠু আহমেদ, রাকিব রেজা, আব্দুল কাইয়ুম নাহিদ, নির্মল কুমার শাহা এবং নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট ইমন বণিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
আলোচনা শেষে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।