প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে ঝিনাইদহে প্রস্তুত করা হয়েছে দৃষ্টিনন্দন প্রাতিষ্ঠানিক স্থাপত্য প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এর নতুন একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় নির্মিত এই আধুনিক বহুতল ভবনের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ শেষ হয়েছে।
আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির শুভ উদ্বোধন করবেন।
নির্মাণশৈলীতে গড়ে তোলা এই ভবনে শিক্ষক প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাদের জন্য আধুনিক অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হয়েছে। নতুন এ ভবনে রয়েছে আধুনিক সুবিধাসম্বলিত আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া যুক্ত ক্লাসরুম ও কনফারেন্স রুম।
এছাড়া লাইব্রেরি ও প্রশাসনিক দাপ্তরিক রুম। নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য জেনারেটর কক্ষ। নান্দনিক সীমানা প্রাচীর ও অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্র ও প্রশিক্ষণ চত্বর।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে এবং মিম কনস্ট্রাকশন এর পরিচালনায় নির্মিত হয়েছে এই ভবনটি। ঝিনাইদহ পিটিআই ভবন নির্মাণ প্রকল্পের মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৭৮৫ টাকা।
খুলনা বিভাগের মধ্যে নির্বাচিত নির্দিষ্ট কয়েকটি পিটিআই-এর অবকাঠামো উন্নয়নে এ ধরনের বিশ্বমানের সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে যার মধ্যে ঝিনাইদহ পিটিআই অন্যতম।
ঝিনাইদহ পিটিআই এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট কাউসার আলী জানান, আমরা বহুল প্রতীক্ষিত নতুন ভবনের উদ্বোধনের জন্য সম্পূর্ণ উন্মুখ ও প্রস্তুত আছি। অনুষ্ঠানের যাবতীয় আয়োজন চূড়ান্ত করা হয়েছে। নতুন ভবন চালুর মাধ্যমে ঝিনাইদহসহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের মান বহুলাংশে বৃদ্ধি পাবে এবং মানসম্মত শিক্ষার প্রসারে নতুন মাত্রা যোগ হবে।