সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের একাধিক শহরে কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে এবং নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে প্যারিস ও লিওঁতে আগের কারফিউয়ের সময়সীমা আরও বাড়ানোর পাশাপাশি মার্সেইয়ে প্রথমবারের মতো কারফিউ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া তুলুজেও কারফিউ জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিস ও লিওঁতে আগে থেকে জারি করা কারফিউয়ের সময়সীমা আরও বাড়ানো হয়। অন্যদিকে প্রথমবারের মতো মার্সেই শহরে অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ জারি করা হয়েছে।
সংবাদমাধ্যম ফ্রান্স ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের পুলিশ প্রশাসন প্লাস দ্য লা রিপাবলিক এলাকা এবং লে আল জেলার কিছু অংশে কারফিউয়ের মেয়াদ বাড়িয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এছাড়া রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অনুমতি ছাড়া যেকোনো ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞাও নতুন করে জারি করেছে কর্তৃপক্ষ। এসব এলাকার মধ্যে এলিসি প্রাসাদের আশপাশের এলাকা, জাতীয় পরিষদ, সিনেট, শঁজেলিজে, শাতলে এবং প্রধান রেলস্টেশনগুলোও রয়েছে।
এছাড়া লিওঁ শহরের কেন্দ্রীয় এলাকায় কারফিউ রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি জমায়েতের ওপর নিষেধাজ্ঞা সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৪টা থেকে কার্যকর করা হয়েছে। কারফিউ শুরু হওয়া পর্যন্ত মানুষের জমায়েতের ওপর এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে উপকূলীয় শহর মার্সেইয়ের মেয়র বেনোয়া পায়াঁ শহরের কেন্দ্রের কিছু এলাকায় অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্দিষ্ট সময়ের কারফিউ ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টা থেকে পরবর্তী কয়েক দিন ভোর ৫টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।