সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল শান্তিগঞ্জ থানার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের হেফাজতে মাদক থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে তাদের দেখানো মতে সিএনজির ভেতরে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. জুমন আহম্মেদ (১৯), পিতা আরজ মিয়া, গ্রাম বাগারাই এবং মো. সুলতান হুসেন (২৯), পিতা মৃত আছকর আলী, গ্রাম বানায়াত; উভয়েই ছাতক উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন তারা।
র্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”