নীলফামারীর সৈয়দপুর থানায় পারিবারিক একটি সালিশি বৈঠকে অংশ নিতে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) রাতে থানার ভেতরে সালিশ চলাকালে একপর্যায়ে বাগবিতণ্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, ওই রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় নীলফামারী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপাসহ কয়েকজনের সঙ্গে কাজী জাহানারা পারভীনের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়।
গ্রেপ্তারের পর রাতেই তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ জানায়, তাকে সদর থানার রামগঞ্জ এলাকায় সংঘটিত আলোচিত সিদ্দিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, থানার গোল চত্বরে সালিশ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। যেহেতু তার বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে, তাই তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।